বাংলাদেশে ডিজিটাল লেনদেন ব্যবস্থাকে আরও বিস্তৃত ও সহজ করতে এবার ‘বাংলা কিউআর’ এবং এনপিএসবি নেটওয়ার্কের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হয়েছে Pathao–এর ডিজিটাল পেমেন্ট সেবা ‘পাঠাও পে’। এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন থেকে একই কিউআর স্ক্যান করেই বিভিন্ন সেবার মূল্য পরিশোধ করতে পারবেন, যা দেশের ক্যাশলেস ইকোসিস্টেমকে আরও কার্যকর করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
নতুন এই সংযুক্তির ফলে রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি, রেস্টুরেন্ট বিল, শপিং কিংবা অন্যান্য দৈনন্দিন সেবায় ‘বাংলা কিউআর’ ব্যবহার করে খুব সহজেই পেমেন্ট করা যাবে। গ্রাহক কোন ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করছেন, সেটি আর বড় বিষয় হবে না। কারণ সমন্বিত এই নেটওয়ার্কের মাধ্যমে আন্তঃসংযুক্ত ডিজিটাল লেনদেন আরও দ্রুত ও নির্বিঘ্ন হবে।
ইতোমধ্যে দেশের বেশ কয়েকটি পরিচিত ব্র্যান্ড ও প্রতিষ্ঠানে পাঠাও পে’র মাধ্যমে বাংলা কিউআর পেমেন্ট সুবিধা চালু হয়েছে। এর মধ্যে রয়েছে Fair Electronics Limited, Secret Recipe, Prava Health, Madchef, Cheez, Pagla Baburchi এবং LOTTO–সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠান।
শুধু মার্চেন্ট পর্যায়েই নয়, পাঠাওয়ের নিজস্ব রাইড ইকোসিস্টেমেও এই কিউআরভিত্তিক পেমেন্ট সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে। বাইক, কার ও সিএনজি চালকরাও ধীরে ধীরে এই ব্যবস্থার আওতায় আসবেন, ফলে যাত্রীদের জন্য নগদ টাকার ঝামেলা আরও কমবে।
এ বিষয়ে পাঠাওয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা Fahim Ahmed বলেন, মানুষের দৈনন্দিন জীবনে ডিজিটাল পেমেন্টকে আরও সহজ ও স্বাভাবিক করে তুলতেই তারা কাজ করছেন। বাংলা কিউআরের সঙ্গে সংযুক্তির মাধ্যমে দেশের লাখো ব্যবহারকারী ও ব্যবসায়ীদের জন্য একটি সমন্বিত এবং স্মার্ট পেমেন্ট নেটওয়ার্ক গড়ে তোলার পথ আরও শক্তিশালী হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ভবিষ্যতে অনলাইন শপিং ও কুরিয়ার পেমেন্টেও বাংলা কিউআর সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে। ফলে দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে ডিজিটাল কমার্সের আরও বড় অংশ ক্যাশলেস পেমেন্টের আওতায় আসতে পারে।
২০১৫ সালে যাত্রা শুরু করা Pathao বর্তমানে দেশের অন্যতম বড় ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি ও ই-কমার্স লজিস্টিকস খাতে তাদের কার্যক্রম বিস্তৃত। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের ১ কোটি ৫০ লাখের বেশি ব্যবহারকারী, প্রায় ৪ লাখ রাইডার ও ডেলিভারি এজেন্ট, ২ লাখ মার্চেন্ট এবং ১৫ হাজারের বেশি রেস্টুরেন্ট পার্টনার রয়েছে। পাশাপাশি দেশে প্রায় ৬ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে প্রতিষ্ঠানটি।
নিয়মিত ফাইন্যান্স বিষয়ক নিউজ পেতে চোখ রাখুন BanksFact.com এ